মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে বিদায় নিলেন দুবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। এ ইউনিয়নের উপ -নির্বাচনের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান আব্দুল আলী।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারনে তাকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে হয়েছে। আব্দুল বারেক সরকার ইউপি চেয়ারম্যান ছাড়াও লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি।
চেয়ারম্যান বারেক সরকারের বিদায় ও প্যানেল চেয়ারম্যান আব্দুল আলীর দায়িত্ব গ্রহন উপলক্ষে রোববার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে ও যুবনেতা শাহ নজরুল ইসলামের সঞ্চালনায় ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জেলা পরিষদ সদস্য জানে আলম, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম,আব্দুল গাফ্ফার ভূইয়া, প্রেসক্লাব সভাপতি এখলাস মিঞা খান প্রমূখ।
