আঞ্চলিক দল জেএসএস কর্তৃক কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরীসহ ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ নেতাদের হত্যার হুমকির প্রতিবাদে রোববার(২৪ জানুয়ারী) কাপ্তাইয়ে আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্ল্যেখ করা হয়, গত ২২ ফেব্রুয়ারি বেলা ১২ টার সময় জেএসএসের সশস্ত্র ক্যাডার চা থোয়াই প্রু মারমার নেতৃত্বে এক দল সন্ত্রাসী চাকুয়া পাড়া এসে সরকারের উন্নয়নমূলক প্রকল্প বন্ধ করে দেয়। এময় সন্ত্রাসীরা উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরীর বাড়িতে হামলা করা হবে বলে হুমকি প্রদান করে। এছাড়া একইদিন রাত প্রায় সাড়ে ৮ টার সময় রাইখালী ইউনিয়ন যুবলীগের নেতা সবুজ মারমা ও ছাত্রলীগ নেতা সাইমনের বাড়িতে হামলা করে। এক পর্যায় সন্ত্রাসীরা সবুজের মা’কে বন্দুক দিয়ে হত্যার হুমকি প্রদান করেন। এঘটনাকে কেন্দ্র করে রোববার উপজেলা সদর বড়ইছড়িতে এক বিক্ষোভ শেষে শহীদ মিনারে উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা আকতার হোসেন মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মফিজুল হক,কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক থোয়াই চিং মং মারমা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন। এসময় উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আ’লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ, আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আ’লীগ,মহিলা যুবলীগ,পেশাজীবি লীগ, মৎস্যজীবি লীগ, শ্রমীক লীগ, ছাত্রলীগের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তাগন অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান পরিচালনা, ভালুক্যা, চাকুয়া পাড়া, আগাপাড়া, পেকুয়া, তিনছড়িসহ চিৎমরম ও রাইখালীর দূর্গম এলাকায় সেনা ক্যাম্প স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জেএসএসের অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। সমাবেশ শেষে উপজেলা ইউএনও আশ্রাফ আহমেদ রাসেলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।
