রাঙামাটির লংগদু উপজেলায় ভাড়ায় চালিত এক মোটর সাইকেল চালককে ছুরিকাঘাত করে মোটর সাইকেল নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মেরুং থেকে মোটর সাইকেল যোগে লংগদু সদরে আসার পথে ইয়ারিংছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক জয়নুল আবেদিন তাঁর মোটর সাইকেলে দুই যাত্রীকে নিয়ে লংগদু সদরের আসার পথে ইয়ারিংছড়ির নির্জন এলাকায় তাঁর পিছনে থাকা দুই যাত্রী মোটর-সাইকেল থামাতে বলে। পরে মোটর-সাইকেল থামিয়ে জয়নুল আবেদিনের গলায় ছুরি দিয়ে আঘাত করে মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায় তারা। এসময় ওই রাস্তা দিয়ে আরেকটি মোটর সাইকেল যাওয়ার পথে রক্তাক্ত অবস্থায় জয়নুলকে দেখতে পায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে জয়নুলকে রাঙামাটি জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
জয়নুল আবেদিনকে উদ্ধার করে নিয়ে আসা অপর যাত্রী যাত্রী নয়ন জানান, ‘জয়নুল আমাকে বলে তাঁর মোটর-সাইকেলের যাত্রী ছিলো সজল ও নাছির নামে দুইজন।’
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় বড়ুয়া জানিয়েছেন, ‘রোগির অবস্থা আশঙ্কাজনক। রোগীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।’