পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক,সাবেক পৌর চেয়ারম্যান ডা: একে দেওয়ান পরলোকগমন করেছেন। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার পারিবারিক বন্ধু ও ঘনিষ্ঠজন রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির। প্রয়াত একে দেওয়ান, এই কলেজেরও ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন।
ডা: একে দেওয়ান তবলছড়িতে নিজস্ব চেম্বার থেকে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন।
স্বাধীনতার আগে ও পরে পার্বত্য জনপদের চিকিৎসা সেবায় অনন্য অবদান রাখা এই বরেণ্য চিকিৎসকের স্ত্রী সুদীপ্তা দেওয়ান ১৯৭৩ সালে জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম আসন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ডা: একে দেওয়ানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবিরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
