বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিকে অংচায় মং (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় মংখিচা (৫৫) নামে আরও একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার বিকালে সাড়ে তিনটার সময় ভোট গ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে ৮নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী আসমত আলী এবং বাবুল তঞ্চঙ্গ্যা দুজনের কর্মী সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে জাল ভোট দেয়ার অভিযোগ এনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়লে পাহাড়ী-বাঙ্গালি উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি রুপ নেয় সাম্প্রদায়িক দাঙ্গায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক রাউন্ড গুলি বর্ষন করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম অংচায় মং (৪৫)। এ ঘটনায় মংখিচা (৫৫) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। হতাহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে গুলি বর্ষণের পর ঘুমধুম ইউনিয়ন জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পাহাড়ী বাঙ্গালি উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এসদাদ উল্লাহ বলেন, সাড়ে তিনটার দিকে ভোট কেন্দ্রের বাহিরে গোলাগুলি এবং সহিংসতার ঘটনা ঘটে। এসময় কিছুক্ষণ ভোট গ্রহনও বন্ধ ছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি বর্ষন করে। গুলিতে একজন মারাগেছে। গুলিবিদ্ধ হয়েছে আরও একজন।