লামা প্রতিনিধি
গরু চড়ানোকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদম উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মো. নুরুল আলম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ করেন।
অভিযোগে শিশুপাড়ার বাসিন্দা মৃত রহমত আলীর ছেলে মো. বাবুল মিয়া (২৮), মো. মুরাদ মিয়া (২৫) ও জয়নাল আবেদীন (৪৬), জয়নাল আবেদীনের স্ত্রী গুলজার বেগম (৩৮), মেয়ে আঁখি আক্তার (২১), সোনি আক্তার (২৫), বাবুল মিয়ার স্ত্রী মুন্নী আক্তার (২৩), মৃত রহমত আলীর স্ত্রী দিলছুফা বেগমকে (৫৫) আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ওমর আলী পাড়ায় শনিবার বেলা আড়াইটার দিকে সরকারী রাস্তার ওপর গরু চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হন। এদিন ওমর আলী পাড়ার বাসিন্দা সরোয়ার জাহান খোকন ও তার মা হাফছা বেগম শনিবার বেলা আড়াইটার দিকে বাড়ির পাশের চলাচলের রাস্তার ওপর গরু চড়াতে যান।
এসময় পাশের মৃত রহমত আলীর ছেলে মুরাদ তাদেরকে গরু চড়াতে নিষেধ করেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরোয়ার জাহান খোকন ও তার মা হাফছা বেগম গরু চড়াতে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটির হয়। এক পর্যায়ে মুরাদ ও তার ভাবীসহ ১০-১১জন সংঘবদ্ধ হয়ে সরোয়ার জাহান খোকন ও তার মা হাফসা বেগমের ওপর হামলা শুরু করেন। এরপর দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে নারীসহ ৭জন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নুরুল আলম নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
