খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মধ্যনগর গ্রামে গবাদিপশুসহ ৪টি বসতঘর আগুনে পুড়ে গিয়েছে। বৃহস্পতিবার দিবাগত (২৫ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ’ ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানায়।
স্থানীয়রা ধারণা করছেন, রাতে মশা মাছি থেকে গবাদিপশুকে রক্ষার জন্য গোয়ালঘরে রাখা খড়ের তৈরি বেনীগাদার অবশিষ্টাংশের আগুন থেকে দুর্ঘটনার সূত্রপাত। এতে মৃত রুস্তম আলী শেখের ছেলে আব্দুল কাদের ও পার্শ্ববর্তী মৃত আবদুল মজিদের স্ত্রী ফিরোজার ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
আব্দুল কাদের জানান, গত কয়েকদিন আগে একটি সমিতি থেকে নেয়া ঋণের টাকা, ১০মণ বীজের হলুদ ও গরু লেলিহান আগুনে পুড়ে গিয়েছে। ছেলে শাকিবুল হাসান এবারের দাখিল পরীক্ষার্থী ও রকিবুল হাসান হেফজ পড়ছে। তাদের বই পুস্তকও রক্ষা করতে পারেননি। এমতাবস্থায় পরিবার নিয়ে পড়েছেন অকূলপাথারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়েও শংকিত তিনি।
এদিকে এ’ ঘটনায় খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে স্থানীয় নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসন, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের খবরাখবর নেন। সংসদ সদস্য’র পক্ষে তাদের খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব ও যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব, উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আহির উদ্দিন। এসময় উপজেলা যুবলীগ সভাপতি মো. আল-আমিনও তাদের সান্ত্বনা, বস্ত্র ও আর্থিক সহায়তা দেন।
অপরদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পানছড়ি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা করা হবে।
