নিজস্ব প্রতিবেদক ॥
শ্রীশ্রী গণেশ পূজা উপলক্ষে রাঙামাটি শহরে জগদ্ধাত্রী মন্দিরে সূর্য উদ্যোগ সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও নানান মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
উৎসব কমিটির সভাপতি ছোটন তালুকদার, সাধারণ সম্পাদক অয়ন বণিক, কোষাধ্যক্ষ রুবেল ঘোষ বলেন, নবমবারের মতো আমরা রাঙামাটিতে সিদ্ধিবিনায়ক গণেশ পূজার আয়োজন করেছি। এবারের আয়োজনে ৩০ আগস্ট মঙ্গলবার রাতে পূজার অধিবাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। পরেরদিন ৩১ আগস্ট বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মাঙ্গলিক আয়োজন অনুষ্ঠিত হবে। এরমধ্যে সকালে শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করা হবে। দুপুরে ব্লাড ব্যাংকের চতুর্থ বর্ষপূতি উদযাপন ও মহাপ্রসাদ বিতরণ এবং রাতে আরতি পরিবেশন করা হবে। পরেরদিন বৃহস্পতিবার রোড শো’য়ের মাধ্যমে প্রতিমা বিসর্জন করা হবে। অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
এদিকে সূর্য উদ্যোগ সংঘের সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী ও কোষাধ্যক্ষ অসীম দাশ বলেন, প্রতি বছর গণেশ পূজার পাশাপাশি আমরা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। এরমধ্যে সূর্য উদ্যোগ ব্লাড ব্যাংকের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে যাচ্ছি। পাশাপাশি সংগঠনের সদস্যরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
