কাপ্তাই প্রতিনিধি
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার বলেছেন, ‘একটি সন্ত্রাসী চক্র সাধারণ মানুষের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও নির্মমভাবে হত্যা করছে। তারা পার্বত্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। এসমস্ত খুনি-অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ বিষয়ে জনগণকে সংঘবদ্ধ হতে হবে।’
মঙ্গলবার (১ মার্চ) কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নাধীন বারঘোনীয়া তঞ্চঙ্গ্যা পাড়া খাল উন্নয়নে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পাদ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকল্পের উদ্বোধন শেষে এক আলোচনা সভা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আহম্মেদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন প্রমুখ।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, ইউএনও মুনতাসির জাহান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ইব্রাহীম খলিলসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদতরের (এলজিইডি) অর্থায়নে ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
