খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে দুই মাস বয়সী এক শিশুর শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে শিশুটিকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। গতকাল বুধবার হাসপাতালে শিশুর র্যাপিড এন্টিজেন টেস্ট করা হলে করোনা সংক্রমণ ধরা পড়ে।
আক্রান্ত শিশু খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ধলিয়া এলাকার খগেন ত্রিপুরার মেয়ে। তাকে গত ৩ জুলাই জ্বর,কাঁশি, খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে শিশুটির নমুনা সংগ্রহ করা হলে এতে করোনা সংক্রমণ ধরা পড়ে।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, শিশুটিকে করোনা ইউনিটে গভীর পর্যবেক্ষনে রাখা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় আরও ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৪০জন। মৃত্যু হয়েছে মোট ১০ জনের।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা অনুপাতে নতুন আক্রান্তের হার ৩৫.২২ শতাংশ। আক্রান্তদের মধ্যে জেলা সদরে ১৪ জন, মাটিরাঙ্গায় ১১ জন, মহালছড়িতে ১ জন এবং রামগড়ে ৫ জন। হাসপাতালে মোট ৩৬ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে আক্রান্ত ১৮ জন এবং সন্দেহজনক ১৮ জন। এ পর্যন্ত জেলায় ৮ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬.৬৪শতাংশ।
