খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় ভোটার দিবস। সকালে ‘ভোটার হবো, ভোট দেব’- এই স্লোগানে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে র্যালিটি শহরের শাপলা চত্ত্বর ঘুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভা করে। সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
এ সময় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে জনসাধারণকে বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রতিবছর জাতীয়ভাবে ভোটার দিবসের প্রয়োজনীয়তা রয়েছে। তাই মার্চ মাসে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যূদয় হওয়ার কারণেই প্রতিবছর ১ মার্চ দিনটিকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নিয়েছে সরকার।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাসেম, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) নাজমুস সোয়েব খান প্রমুখ। এর আগে তিনজন নতুন ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেন জেলা প্রশাসক।
