নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে-২০১৯। শুক্রবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মিলনায়তনে স্মরণ সভা ও বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী সুদর্শন দত্ত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ থেকে আজকের এই বাংলাদেশ পর্যন্ত পুলিশের অবদান অনস্বীকার্য। বুকের তাজা রক্ত দিয়ে দেশ, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে নিরলসভাবে কাজ করছে পুলিশ বাহিনী। তাই বিভিন্ন সময়ে আত্মদানকারী পুলিশ পরিবারের সদস্যদের শিক্ষা, স্বাস্থ্য, চাকুরিসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতে সহায়তা করার আহবান জানান তারা। এর আগে কর্তব্যকালীন আত্ম উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুলিশ লাইন্সে র্যালি, পুষ্পমাল্য অর্পন করা হয়।