খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে। শনিবার (০৩ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে ঘটনাটি ঘটে। জানা যায়,ওই কিশোরী গতরাতে মা-বাবার সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। ভোরে সে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে আটককৃত দুইজন তাকে একটি বাসে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরীটি খাগড়াছড়ি থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন বাসের হেলপার মোঃ কামাল (২৯) ও মোঃ রফিক (২৪)। এরমধ্যে কামাল বাসটির হেলপার বলে জানা গেছে। কামাল খাগড়াছড়ি জেলা সদরের উত্তর গঞ্জপাড়া এলাকার মৃত আলী আহম্মেদের ছেলে এবং মোঃ রফিক হবিগঞ্জের মাধবপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
খাগড়াছড়ি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা রতন ত্রিপুরা জানান, লকডাউনের কারনে অন্যান্য বাসের মতো এই বাসটিও টার্মিনালে ফেলে ড্রাইভার বাড়িতে চলে যায়। বাসটির হেলপার আরেকজনসহ এই ঘটনাটি ঘটায়। এদিকে এই ঘটনায় কিশোরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান, প্রথমে একটি বাসে ধর্ষণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরে আটককৃত কামাল যে বাসটির হেলপার সে বাসে নিয়ে ধর্ষন করে। বাস দুটি আলামত হিসেবে পুলিশ হেফাজতে নিয়ে এসেছি। কিশোরীটিকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
