বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়িতে গুলি করে ইমাম মো: ওমর ফারুক ত্রিপুরা’কে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য নাগরিক পরিষদ। শুক্রবার সকালে বান্দরবান জেলা শহরের ইসলামপুরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি কাজী মুজিবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে সংগঠনের সহ-সভাপতি ক্যাপ্টেন অব: তারু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর শামসুদ্দিন শামু প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সংগঠনের নেতা কাজী মুজিবুর রহমান বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূল এবং চাঁদাবাজি, হত্যা, অপহরণ, গুম-খুন বন্ধে নিরাপত্তা বাহিনীর সাড়াশি অভিযানের দাবী জানাচ্ছি। পার্বত্য চট্টগ্রামে অশান্তি এবং ভ্রাতৃঘাতি সংঘাতের মূলে হচ্ছে অবৈধ অস্ত্রের দাপট। তিনি আরও বলেন, মসজিদের ইমাম হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকান্ড। মুসলিম জনগোষ্ঠীদের জন্য একটি মেসেজ। তারআগে বাইশারীতে বৌদ্ধ বিহারের ভিক্ষু এক ভান্তে’কে হত্যা করা হয়েছিল। হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
প্রসঙ্গত: গতমাসের ১৮ জুন রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের তুলাছড়ি আগাপাড়া এলাকায় এশারের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা ধর্মান্তরিত হওয়া পাহাড়ের জনগোষ্ঠীর এক নওমুসলিম’কে গুলি করে হত্যা করে। নিহতের মুসলিম নাম ওমর ফারুক (৫৪)। তার জন্মগত পুর্বের নাম পুর্ণচন্দ্র ত্রিপুরা। এ ঘটনায় রোয়াংছড়ি থানায় অজ্ঞাত পরিচয়ে ৫ জন’কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Previous Articleকঠোর লকডাউনে বান্দরবানে ফাঁকা রাস্তাঘাট
Next Article খাগড়াছড়িতে বাসে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে আটক ২
