খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে চলছে কঠোর লকডাউনের প্রথম দিন। সাধারণমানুষ বিধিনিষেধ মেনে এখনো ঘরে রয়েছেন। মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে গত ২৪ ঘন্টায় খাগড়াছড়িতে রেকর্ড পরিমাণ শনাক্তের হার বেড়েছে। মোট ৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩৯জনের শরীরে করোনা সংক্রমন ধরা পড়ে। আক্রান্তের হার ৪১.০৫ শতাংশ।
নতুন আক্রান্তের মধ্যে মাটিরাঙ্গায় ৩ জন, রামগড়ে ৫ জন, লহ্মীছড়িতে ৭ জন এবং সদর হাসপাতালে ২৪ জন। বর্তমানে আক্রান্তদের মধ্যে ২৮ জন হাসপাতালে ভর্তি রয়েছে। এরমধ্যে ১৬জন আক্রান্ত রোগী এবং ১২জন সন্দেহজনক।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গেল মাসে জেলায় মোট ১ হাজার ৭৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৯৬ জনের শরীরে করোনা সংক্রমন ধরা পড়ে। যার শনাক্তের হার ১৬.৭৭শতাংশ। এখন পর্যন্ত ঝেলায় ৮ হাজার ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১ হাজার ১৯৯ জনের শরীরে করোনা সংক্রমন ধরা পড়ে। মোট শনাক্তের হার ১৪.৯৪শতাংশ।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ বলেন, ‘দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে সচেতন হতে হবে। মাস্ক পরিধানসহ সরকারি বিধিনিষেধ মানতে হবে।’
