খাগড়াছড়ি প্রতিনিধি
সারাদেশের মতো পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও কঠোর লকডাউন চলছে। সাধারণ মানুষ বিধিনিষেধ মেনে এখনো ঘরেই রয়েছেন। বৃহস্পতিবার খাগড়াছড়ি সাপ্তাহিক হাটবার হলেও লোক সমাগম একদমই হয়নি।
শহরের ব্যস্ততম সড়ক কলেজ রোড, চেঙ্গী স্কোয়ার ঘুরে দেখা যায়, সাধারণ যানবাহন এমনকি ব্যাটারি চালিত থ্রি হুইলার চলাচল বন্ধ রয়েছে। দোকানপাটও বন্ধ রয়েছে। জরুরি ও গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত চাকুরীজীবী ও কাঁচাপণ্য পরিবহনের কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে।
লকডাউন সফল করতে রাস্তায় রাস্তায় রয়েছেন সেনাবাহিনী, বিজিবি। পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালাচ্ছেন। যথাযথ কারণ দেখাতে না পারলে মানুষজন বাঁধার মুখে পড়ছেন।
এদিকে খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, জেলায় গত ২৪ ঘন্টায় ৩৯ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত মোট ১ হাজার ১৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে সুস্থ হয়েছেন ৮৮৬ জন।
