খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে নভেল করোনাভাইরাসে আরও দুই জনের মৃত্যু হয়েছে। আধুনিক জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় করোনায় ১৪ জন মৃত্যু হলো।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনার দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. অর্নব চাকমা জানান, শনিবার (১০ জুলাই) রাতে পানছড়িতে একজন এবং রোববার (১১ জুলাই) সকালে মাটিরাঙ্গা তবলছড়ির এক বাসিন্দা মারা গেছেন। তারা দুইজনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন আর দাহ করার জন্য বলা হয়েছে।
এদিকে খাগড়াছড়িতে নতুন করে আরও ৬৩জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৪৬ জন, মাটিরাঙ্গায় ৭ জন, পানছড়িতে ৬ জন, দিঘীনালায় ২ জন এবং রামগড়ে ২ জন। শনাক্তের হার ২৫.৯৩শতাংশ।
এ পর্যন্ত জেলায় মোট ৯ হাজার ১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.০৯ শতাংশ। বর্তমানে হাসপাতালে ৩৪ জন ভর্তি রয়েছে। এর মধ্যে ১৪ জন আক্রান্ত এবং ২০ জন সন্দেহজনক।
