খাগড়াছড়িতে মৌসুমি ফল ‘আম’ এর উপর পথে পথে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জানিয়েছে খাগড়াছড়ি ফলবাগান মালিক সমিতি ও মারমা ফলদ বাগান মালিক সমিতি। বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত টোল আদায় বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয় ।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক জগৎ জীবন চাকমা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, খাগড়াছড়ি থেকে অন্য জেলায় আমের গাড়ি পরিবহণে খাগড়াছড়ি পৌরসভা ইচ্ছামত অতিরিক্ত টোল আদায় করছে। এছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও বাজার ফান্ড আলাদাভাবে সিডিউলে উল্লেখিত মূল্য তালিকার অতিরিক্ত টোল আদায় করছে। এসএ পরিবহণ ও সুন্দরবন পরিবহনও বাড়তি টাকা আদায় করছে বলে অভিযোগ করা হয়।
এ কারণে এ জেলা থেকে এক একটি আমের গাড়ি অন্য জেলায় পাঠাতে অতিরিক্ত ১২-১৫ হাজার টাকা ব্যয় হয়। এভাবে টোল আদায়ে হয়রানির ফলে জেলার বাইরের ব্যবসায়িরা এখানে আসতে অনিহা প্রকাশ করছেন। তাতে এ বছর পাহাড়ের আম বাগান মালিকরা ক্ষতির মূখে পড়বেন বলে আশংকা প্রকাশ করা হয়। অবিলম্বে অতিরিক্ত টোল আদায় বন্ধ করা না হলে কঠিন কর্মসূচি পালনের ঘোষনা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি ফল বাগান মালিক সমিতির সভাপতি দিবাকর চাকমা, মারমা ফল বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুশ্যি মারমা ও মংচিং মারমা উপস্থিত ছিলেন।
Previous ArticleTop 13 Fashion Magazines In The World
Next Article বান্দরবানে এসিল্যান্ড’সহ আরো ৫ জন করোনা পজিটিভ
