খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির রজত জয়ন্তী উপলক্ষে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা অফিসার্স ক্লাবে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সিভিল সার্জন ডা. ছাবের হোসেন ও সমাজসেবার উপ-পরিচালক মো. মনিরুল হক।
পরে অতিথিরা মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। জেলা সদরের কয়েক শত দরিদ্র ও অসহায় পাহাড়ি-বাঙালি এতে চিকিৎসা গ্রহণ করেন।
এদিকে চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে জেলা গণগ্রন্থাগারে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা পরিষদের হলরুমে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেসিন বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
