সাইফুল বিন হাসান
কোভিড-১৯ মোকাবেলায় জরুরি সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রাঙামাটিবাসির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘কেউ লকডাউন দেখতে বের হবেন না। আমরা দেখেছি গতবার লকডাউন কেমন ! সেটা দেখার জন্য অনেকে বাড়ি থেকে বের হয়েছেন। তাই এবার কঠোর অবস্থানে থাকবে প্রশাসন, তাই কেউ বাড়ি থেকে বের হবেন না।’
রবিবার বিকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কোভিড মোকাবেলায় আয়োজিত জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা বাহিরে আছি আপনাদের প্রয়োজনে, আপনারা বাসায় থাকুন। পুরো প্রশাসন মাঠে থাকবে, আমরা মাঠে কাজ করে যাবো সকলের নিরাপত্তা ও জরুরী স্বার্থে।” তিনি বলেন, “জরুরী প্রয়োজনে একজন বের হবেন এবং কাজ শেষ করে বাড়ি ফিরে যাবেন, কেউ ২-৩ বা তার অধিকজন রাস্তায় বের হবেন না, হাঁটবেন না। তাহলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।”
জেলা প্রশাসক আরও বলেন, ‘আমরা সকলকে নিয়ে নিরাপদে বেঁচে থাকতে চায়, তাই নিজের, পরিবারের, জাতির ও দেশের স্বার্থে নির্দেশনা মেনে চলুন। আমরা সকলে সচেতন হলে নিরাপদে বাঁচতে পারবো, সবাইকে নিয়ে সুন্দর জীবন গড়তে পারবো। তাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, বাড়িতে থাকুন।’
এসময় পুলিশ সুপার মীর মোছাদদ্দেক হোসেন বলেন-‘ আমরা আপনাদের কথা শুনবো, আপনাদেরও আমাদের কথা শুনতে হবে। যদি তা না করেন তখন পুলিশ কোন এ্যাকশনে গেলে এবং তা আমাকে জানানো হলে, সেটা আমি আমলে নিবো না।’
জরুরী সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, জেলা পুলিশ সুপার মীর মোছাদদ্দেক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ সহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বাজার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, গণ পরিবহণের নেতৃবৃন্দ, সুশিল সমাজ এবং গণমাধ্যম কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
