খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। পানছড়ি হর্টিকালচার সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ বিভাগ। কৃষক প্রশিক্ষণ শেষে, প্রদর্শনী স্থাপনের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে মাল্টা চারা এবং সার বিতরণ করা হয়। উপজেলার পাঁচটি ইউনিয়নের পনেরটি ব্লকের ৯০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রতি ব্যচে ৩০ জন করে হর্টিকালচার সেন্টারের লিচু বাগানে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশিক্ষণ, চারা ও সার বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মর্ত্তুজ আলী, পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আলাউদ্দিন শেখ, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুনাংকর চাকমাসহ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সকল উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
