কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রে (পাওয়ার গ্রিড) চুরি হয়ে যাওয়া দুইটি ব্যাটারিসহ একজনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ। আটক ব্যক্তির নাম আতাউল্লাহ আল-আমিন (২০)। সে কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনীর বাসিন্দা মৃত দাগু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীনের দিক নির্দেশনায় এবং কাপ্তাই থানার এসআই কাজী গোলাম মহিউদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার দিবাগত রাতে আতাউল্লাহ আল-আমিনের ঢাকাইয়া কলোনীর বসতঘর থেকে হালকা ধূসর রঙ’ এর চুরি হওয়া দুইটি ব্যাটারিসহ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা পুলিশকে স্বীকার করেন বলে ওসি মো. নাসির উদ্দীন জানান।
উল্লেখ্য, ২৯ মে কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের (পাওয়ার গ্রিড) সেন্ট্রাল রুম থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়ে যায়। ১ জুন চট্টগ্রাম ফাইবার এড হোম রিজিওনাল অফিসের অফিস সুপারভাইজার মো. সেকান্দার হোসেন বাদী হয়ে চুরির বিষয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেন। চুরিকৃত বাকী ব্যাটারি উদ্ধার এবং চুরি কাজের সঙ্গে জড়িত বাকিদের ধৃত করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
