কাপ্তাই প্রতিনিধি ॥
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা কার্যক্রমকে স্বাভাবিক রাখার জন্য কাপ্তাই সারা দেশের ন্যায় উপজেলায় ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এসময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ আহামেদ চৌধুরী, করোনার ফোকাল পার্সন ডা. ওমর ফারুক রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি আগামী ৩ দিন চলবে এবং কাপ্তাইয়ে মোট ৪ হাজার ১শ’ ৪৩ জন শিক্ষার্থীকে ফাইজারের এই টিকা দেওয়া হবে।
