কাপ্তাই প্রতিনিধি ॥
গভীর রাতে কাপ্তাই থেকে পাচারকালে বিপুল পরিমাণ মদসহ দু’পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার ভোরে কাপ্তাই থানার টহলরত পুলিশ সদস্যরা মো. ইয়াছিন (৩৫) ও পয়েল বড়ুয়া (৩৭) নামের এই দু’জনকে আটক করে। আটক মো. ইয়াছিন চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মৃত নুর মোহাম্মদের ছেলে এবং পয়েল বড়ুয়া রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি বড়ুয়া পাড়ার সুমন বড়ুয়ার ছেলে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
কাপ্তাই থানার ওসি মো. জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই ওমরা খানের নেতৃত্বে এএসআই মো. লিটন মিয়াসহ বড়ইছড়ি সদরে টহলরত পুলিশ সদস্যরা সন্দেহজনক একটি সিএনজি অটোরিক্সাকে সংকেত দিয়ে থামায়। কিন্তু সংকেত পেয়ে চালক অটোরিক্সা রেখে পালিয়ে যায়। পরে অটোরিক্সায় অবস্থানরত মো. ইয়াছিন ও পয়েল বড়ুয়া নামে এই দু’জনকে আটক করে পুলিশ। এসময় অটোরিক্সা তল্লাশি করে ইঞ্জিনের কভারের ভিতরে ৩টি প্লাস্টিকের বস্তায় ৪০টি স্যালাইনের প্যাকেটে ভর্তি প্রায় ১২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। আটকদের মঙ্গলবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে তিনি জানান।
