কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে অভিযান চালিয়ে যৌথবাহিনী দেশীয় তৈরী অস্ত্র ও নগদ অর্থসহ জনসংহতি সমিতির কালেক্টর আনোয়ার হোসেনকে(৪৩) আটক করা হয়েছে। গত বুধবার ভোরে তাকে আটক করা হয়। তিনি উত্তর রাঙ্গুনিয়ার মৃত মোহাম্মদ হোসেন ছেলে।
পুলিশ জানায়, কাপ্তাই ৫৬ বেঙ্গলের আওতাধীন বাঙ্গালহালিয়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মাসুদুল আলমের নেতৃত্বে সেনাবাহিনী ও কাপ্তাই থানা পুলিশ মিলে যৌথ বাহিনীর একটি টিম চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পসহ কাপ্তাই ইউনিয়নের আওতাধীন চৌধুরীছড়া রিজার্ভ ফরেস্ট এলাকার বালুচরে অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে একনলা একটি বন্দুক ও নগদ ২১ হাজার টাকাসহ উক্ত আনোয়ার হোসেনকে আটক করে। আটক আনোয়ার জেএসএসের একজন কালেক্টর। সে কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে জেএসএসের সশস্ত্র গ্রুপের নিকট পৌঁছায় বলে পুলিশ জানায়।
কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, আটক আনোয়ার হোসেন জেএসএসের কালেক্টর। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।
