কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাইয়ে জব্দকৃত চোলাই মদ ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে। রবিবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত থেকে জব্দকৃত এই উপকরণ ধ্বংস করেন। এই সময় কাপ্তাই থানার এসআই কাজী গোলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, কাপ্তাই থানা পুলিশের অভিযানে গত ১৮ জানুয়ারি কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের নোয়াপাড়া এলাকা হতে জব্দকৃত ২১টি বালতি(চোলাই মদ তৈরির জন্য), ২০ লিটার চোলাই মদ, মদ তৈরির ওয়াশ জব্দ করা হয়। এই সময় ওয়াগ্গা নোয়াপাড়া এলাকার মায়াংচিং মারমা(৩৮), চুইক্রাউ মারমা(৩০), মাবুথয় মারমা(৪৫) ও মিসেমা মারমা(৩০) কে আটক করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে মদ ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।
এই বিষয়ে কাপ্তাই থানার এসআই ফারুক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
কাপ্তাই থানার ইনচার্জ নাসির উদ্দিন মদ ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন।
