কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় থামছেই না করোনা শনাক্তের হার। দিনদিন বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। রোববার বিকেলে কাপ্তাইয়ে আরও ১২ জন করোনা পজিটিভ এসেছে। যা উপজেলায় সর্বোচ্চ শনাক্ত।
এর মধ্যে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন টেস্টে ৫ জন এবং বাকী ৭ জনের রাঙামাটি জেনারেল হাসপাতালের পিসিআরল্যাব থেকে আসা করোনা পরীক্ষার ফলাফলে পজিটিভ এসেছে। নতুন শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে কাপ্তাইয়ের ওয়াগ্গা, চিৎমরম, কেপিএম, মিশন ও বড়ইছড়ি এলাকার বাসিন্দা রয়েছে। এছাড়া কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসকও রয়েছে বলে জানা গেছে।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার ১২ জন বাসিন্দার করোনার ফলাফল পজিটিভ এসেছে। এনিয়ে কাপ্তাইয়ে মোট করোনা শনাক্ত হলো ২৬৪ জন; মৃত্যু হয়েছে ২ জনের।
