দীপংকর তালুকদারকে ‘উদ্বোধন তালুকদার’ মন্তব্য করে জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার বলেছেন, তিনি গত পাঁচ বছর কোন একটা কাজের উদ্বোধন হলে সেটার জন্য বসে থাকতেন, যেন কাজটির পেছনে উনি যুক্ত এমনটাই সাধারণ মানুষকে বোঝাতে পারেন। কিন্তু আমরা সে ধরনের রাজনীতিতে বিশ্বাসী নই। তিনি তবলছড়ি সেতুর প্রসঙ্গ টেনে বলেন, সেতুটির বিষয় আমি সংসদে উত্থাপন করি। পরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু সেতুর আগে-পরে সব জায়গায় দীপংকর তালুকদারের নাম রয়েছে। এই একটি সেতু দিয়ে বোঝা যায় এই জেলার যেসব উন্নয়ন কাজ হয়েছে সেখানে কার ভূমিকা ছিল আর উদ্বোধন কে করেছে।
স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার বুধবার তাঁর নির্বাচনী প্রচারণার এক সমাবেশে বক্তৃতায় এসব কথা বলেন। জেলা আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঊষাতন তালুকদার বলেন, দীপংকর তালুকদার বলেছেন গত নির্বাচনে আমাদের নাকি ভূতে ভোট দিয়েছে। তিনি বলেন, ভূতে ভোট আমাদের দেয়নি। এবার আপনারাই ভূত তৈরি করে রেখেছেন। আপনারাই ভোট কারচুপির নীলনকশা করছেন। তিনি বলেন, লংগদুর আটারকছড়ায় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে নৌকার ভোট চাওয়া হচ্ছে। এটা কোনওভাবেই কাম্য নয়। যেসব এলাকায় যাচ্ছি, সাধারণ মানুষ আমাদের সাদরে গ্রহণ করছে। তিনি বলেন, আমাদের সাথে কেন্দ্রীয় আওয়ামীলীগের সুসম্পর্ক রয়েছে, কিন্তু দীপংকর তালুকদার সেটা ছিড় ধরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে দীপংকর তালুকদার মনোনয়ন পেতেন না মন্তব্য করে উষাতন তালুকদার আরো বলেন, আপনার যদি এতই জনপ্রিয়তা থাকতো, তাহলে সব জায়গায় প্রার্থী ঘোষণার পরও কেন আপনারটা ঘোষণা করা হয়নি? কেন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরও সে তালিকায় আপনার নাম আসেনি?
ঊষাতন তালুকদার আরো বলেন, বাতাসে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, কে নাকি কাকে সমর্থন দিচ্ছে। এগুলো বানোয়াট কথা। আমাদের জন জোয়ার দেখে তারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এগুলো থেকে সাধারণ জনগণ সতর্ক থাকবেন। রানিং এমপিকে নির্বাচনে দাঁড় করিয়ে অন্য কাউকে সমর্থন দেয়, এমন নজির পৃথিবীর কোথাও নেই।
তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমরা হেরে গেলেও কোনও কিছু বলবো না। কিন্তু জোরজবরদস্তি করে ভোট কারচুপির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তিনি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানান। তিনি বলেন, শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আন্দোলন বেগবান করার লক্ষ্যে জনসংহতি সমিতির প্রতিনিধিকে সংসদে কথা বলতে হবে। এজন্য সিংহ মার্কায় ভোট দিয়ে চুক্তির বাস্তবায়নের আন্দোলন বেগবান করার আহ্বান জানান ঊষাতন তালুকদার।
এসময় তাঁর নির্বাচনী প্রধান এজেন্ট উদয়ন ত্রিপুরাও জনসংহতি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
