জিয়াউল জিয়া ও তৌসিফ মান্নান ॥
রাঙামাটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনসহ জেলা শহরের বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কোন উৎসব এলেই কিছু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে নিত্য প্রয়োজনীয় খাদ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। এতে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। বাজারে কোন পণ্যের সংকট কেউ যাতে তৈরি করতে না পারে সেদিকে ব্যবসায়ী নেতাদের নজর রাখতে হবে। একই সাথে ভোক্তাদেরও প্রয়োজনের অতিরিক্ত না কেনার পরামর্শ দেয়া হয়। অতিরিক্ত পণ্য কেনার কারণে বাজারে সাময়িক সংকট তৈরি হলে এতে ব্যবসায়ী সুযোগ নিতে পারে।

সকল ব্যবসায়ীদের বাধ্যতামূলক মূল্য তালিকা টাঙিয়ে রাখতে হবে। কিন্তু অনেক ব্যবসায়ী এটা করেন না। এই বিষয়ে সবার সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক আরও বলেন, একসাথে বেশি বেশি পণ্য কেনার প্রয়োজন নেই, দ্রব্যমূল্য নিয়ে গুজবে কান দিবেন না। পর্যাপ্ত মজুদ আছে। কোন ঘাটতি নেই। তাই অতিরিক্ত পণ্য কেনা থেকে ভোক্তাদেরও বিরত থাকতে হবে। এই মাস ইবাদতের মাস, আসুন সংযমের সাথে সকলে রমজান পালন করি।
পরে জেলা প্রশাসক বনরূপা বাজার মনিটরিং করেন এবং ব্যবসায়ীদের পণ্য মজুদ না করে মূল্য তালিকা রেখে বিক্রির নির্দেশ দেন।
