নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে জরুরি সেবা নাম্বার ৯৯৯ কল পেয়ে এফবিএম ইটভাটায় শিকল দিয়ে বেঁধে রাখা ৪ শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কক্ষ্যাং পাড়া এলাকার এফবিএম ইটভাটায় শ্রমিকদের শিকল দিয়ে বেঁধে অত্যাচার করা হচ্ছে। মারধর করা হয়েছে শ্রমিকদের। অত্যাচার সইতে না পেরে নির্যাতিত শ্রমিকরা জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ কল করেন। পরে ত্রিপল নাইনের ফোন কল পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মো: মিলনের মালিকানাধীন এফবিএম ইটের ভাটা থেকে শিকলে বাঁধা অবস্থায় ৪ জন ইটভাটা শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শ্রমিকেরা হলেন- মো.আবুল কালাম, মো.রিয়াজ, মো. খলিল ও মো.রুবেল। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- সাধন চন্দ্র, জাহাঙ্গীর আলম, শাহাদাৎ হোসেন, জসিম উদ্দিন, জাফর উদ্দিন, নুরুল ইসলাম, মেজবাহ হোসেন।
তবে ইটের ভাটার মালিক মো: মিলন বলেন, ইটের ভাটার শ্রমিকেরা মাঝির নিয়ন্ত্রণে থাকে। মাঝিই তাদের দেখাশোনা করেন। শ্রমিকদের শিকল দিয়ে বেঁধে রাখার বিষয়টি আমার আগে জানা ছিলো না। মিকেরা নিজেরা মারধর করে পালিয়ে যেতে চাওয়া তাদের আটকে রাখা হয়েছিলো বলে মাঝি জানিয়েছেন।
এ বিষয়ে বান্দরবান সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, ত্রিপল নাইনের কল পেয়ে ইটের ভাটা থেকে শিকল বাঁধা ৪ শ্রমিককে উদ্ধার করেছি। জড়িত থাকার অপরাধে কজনকে আটক করেছি। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
