স্বরাষ্ট্রমন্ত্রীর পার্বত্য জেলা রাঙামাটিতে গত দুইদিনের আইনশৃংখলা বিষয়ক বিশেষ সভার দিকেই নজর পুরো পার্বত্য জনপদের। বুধবার সন্ধ্যায় এবং বৃহস্পতিবার দিনব্যাপি সভায় আইনশৃংখলার সাথে সম্পৃক্ত দেশের সকল বাহিনীর শীর্ষরা সহ তিন পার্বত্য জেলার প্রায় সকল গুরুত্বপূর্ণ কর্মকর্তা,জনপ্রতিনিধি,জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রথাগত নেতৃবৃন্দরা উপস্থিত থাকলেও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার অনুপস্থিতির বিষয়টি নজরে পড়েছে সবার। সভা এবং সভার বাইরেও গত দুদিন ধরে আলোচনায় ঘুরপাক খাচ্ছিলো বিষয়টি ‘কেনো সভায় নেই তিনি’। এমনকি সভাতেই একাধিক বক্তা তার অনুপস্থিতির বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষন করেছেন। বৃহস্পতিবার হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা, চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায় বিষয়টি আলোচনায় আনলে এর জবাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ও সভার সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ‘ আমরা এই সভা করার সিদ্ধান্ত নিয়েই ওনার সাথে যোগাযোগ করেছি,আমন্ত্রন জানিয়েছি,আমন্ত্রনপত্রও পৌঁছানো হয়েছে। পার্বত্য মন্ত্রনালয়ের সচিব নিজে ফোনে তার সাথে যোগাযোগ করেছেন। কিন্তু তিনি সভায় থাকতে পারবেন না বলে অপরাগতা জানিয়েছেন। তথাপি আমরা অনুরোধ করেছিলাম,কোন গুরুত্বপূর্ণ কাজ থাকলেও সেটা কোনভাবে ম্যানেজ করে হলেও তিনি যেনো এই সভায় যোগ দেন,কিন্তু তিনি যোগ দেননি এবং কোন প্রতিনিধিও প্রেরণ করেননি।’
