নিজস্ব প্রতিবেদক ॥
আগামী ১৭ ডিসেম্বর থেকে রাঙামাটিতে প্রদর্শন হবে চট্টগ্রামের সংস্কৃতি নিয়ে তৈরি নির্মিত ‘মেইড ইন চিটাগং’ ফিল্মের প্রিমিয়ার শো। প্রতিদিন তিনটি শো’য়ের মাধ্যমে দর্শকদের কাছে উপস্থাপন করা হবে ফিল্মটি। ইতোমধ্যে এই ফিল্মের একটি গান ‘পেট ফুরেদ্দে তোঁয়ার লাই’ বেশ জনপ্রিয়তা পেয়েছে।
‘মেইড ইন চিটাগং’ ফিল্ম শো’য়ের জন্য সোমবার সন্ধ্যায় রাঙামটি পৌরসভা কনফারেন্স রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন এই ইভেন্টের রাঙামাটির সমন্বয়ক পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন, দৈনিক রাঙামাটি’র ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল জিমি, সংবাদকর্মী মনসুর আহম্মেদ, যুবলীগ নেতা সুজন বড়–য়া, ইভেন্টের সদস্য হাদিসুল ইসলাম হাসান, আদনান সুজা, সুমন ত্রিপুরাসহ শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মেয়র আকবর হোসেন চৌধুরী জানান, আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দৈনিক তিনটি শো’য়ের মাধ্যমে ফিল্মটি প্রদর্শন করা হবে। প্রথম শো সকাল ১০টা-১২টা, বিকাল ৩-৫টা, সন্ধ্যা ৬-৮টা প্রদর্শন করা হবে। চট্টগ্রাম সংস্কৃতিকে নিয়ে এই ফিল্ম তৈরি করা হয়েছে। ফিল্মে চট্টগ্রামেরই দুই কৃতী সন্তান সঙ্গীতশিল্পী পার্থ বড়–য়া ও রাঙামাটির মেয়ে অর্পণা ঘোষ অভিনয় করেছেন। এই ফিল্মটি সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা সকলেই একত্রিত হয়ে কাজ শুরু করেছি। আগামী ৫ ডিসেম্বর আমাদের আরেকটি সভার পর আমরা টিকিট বিক্রি করার জন্য মাঠে নেমে যাবো। প্রতি টিকেটের মূল্য ধরা হয়েছে ১৫০টাকা।
