জাকির হোসেন,দীঘিনালা/ মো: মহিউদ্দিন,বাঘাইছড়ি
রাঙামাটির প্রকৃতিকণ্যা সাজেকে আগুনে পুড়েছে তিনটি রিসোর্ট,একটি রেস্টুরেন্ট ও একটি বসতবাড়ি। বুধবার রাত আনুমানিক তিনটার দিকে সূত্রপাত হওয়া এই আগুন নিয়ন্ত্রন করতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে বলে জানিয়েছেন বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম।
ইউএনও শরীফুল ইসলাম জানিয়েছেন, রাত সোয়া তিনটার দিকে সাজেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। দীঘিনালা থেকে আসা ফায়ারসার্ভিস টীম স্থানীয় এলাকাবাসি ও আইনশৃৃংখলাবাহিনীর সহযোগিতায় প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আগুনের ক্ষয়ক্ষতি এখনো নিরূপন করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।
সাজেকের চিলেকোঠা রিসোর্ট এর মালিক নাসিরউদ্দিন পিন্টু জানিয়েছেন, ‘রাতে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূচনা হয়েছে বলে মনে হচ্ছে। ফায়ারসার্ভিসের সহযোগিতা ঠিকমত না পেলে পুরো সাজেক ভষ্মিভূত হয়ে যেতো।’
মাচাং নু রিসোর্ট এর হপেন ত্রিপুরা জানিয়েছেন, সম্ভবত রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে,তবে এখনো নিশ্চিত নই আমরা। তবে অনেক বড় দূর্ঘটনা থেকে বেঁচে গেছে সাজেক।’
জুনায়েদ হোসেন নামের এক পর্যটক উদ্যোক্তা ফেসবুকে জানিয়েছেন, মারুয়ার্টি রেস্টুরেন্ট, অবকাশ-ইমানুয়েল এবং মেঘছুট নামের তিনটি রিসোর্ট এবং পার্শ্ববর্তী জাকারিয়া লুসাইয়ের একটি বসতঘর ভষ্মীভূত হয়েছে।
প্রসঙ্গত,রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী সাজেক উপত্যকা সাম্প্রতিক সময়ে দেশের সবচে জনপ্রিয় ট্যুরিষ্ট গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও এর যোগাযোগ মূলত আরেক পার্বত্য জেলা খাগড়াছড়ির মধ্য দিয়েই।
