মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
সাজেকের শিক্ষার্থীদের আগে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসএসসি পরীক্ষা দিতে বাঘাইছড়ি সদরে যেতে হত। পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের কারণে শিক্ষার্থীদের এই বিড়ম্বনা পেতে হয়। সাজেকে কোন কেন্দ্র থাকায় এতোদিন পর্যন্ত এত পথ পাড়ি দিয়েই পরীক্ষা কেন্দ্র আসতে হত। কিন্তু এখন সেই বিড়ম্বনা থেকেই রেহাই পেয়েছেন সাজেকের দুই শতাধিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র চালু করা হয়েছে। বাঘাইহাট সেনা জোন ও প্রশাসনের সহায়তায় এবারই প্রথম বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্র সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, সাজেকে দুর্গম শতাধিক গ্রাম থেকে ২২৪ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। নতুন কেন্দ্রে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থী ও অভিভাবকমহলেও ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, আগে ৪০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হতো। এতে শিক্ষার্থীদের মূল্যবান সময় ও অভিভাবকদের আর্থিক অনেক ক্ষতি হতো, বিশেষ করে ছাত্রীদের রাখার ব্যাপারে অনেক সমস্যা হতো। সেনাবাহিনীর সহায়তায় বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র চালু হওয়ায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের অনেক উপকার হয়েছে। একেবারে ঘরের উঠানে পরীক্ষা দেয়ার মত।
মৈত্রী ত্রিপুরা নামে একজন পরীক্ষার্থী বলেন, আগে উপজেলা সদরে বাসা ভাড়া করে পরীক্ষা দিতে হতো। এখন বাড়িতে থেকে পরীক্ষা দিতে পারছি এতে আমাদের কষ্ট, টাকা, সময় সবকিছু বাঁচবে।
বৃহস্পতিবার বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অধিনায়ক লে. কর্নেল মুনতাসীর রহমান চৌধুরী। এসময় তিনি কেন্দ্রের সার্বিক ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, পাহাড়ে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের একটি অংশ হিসেবে সাজেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে , এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্প্রীতির বন্ধন আরো সূদৃঢ় করতে হবে।
