জিয়াউল জিয়া ॥
সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার শহরের রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে ছাত্র-ছাত্রী প্রবেশ করছেন একই সাথে কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জেলায় এবছর মোট ৯ হাজার ৬৬ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। যারমধ্যে মাধ্যমিকে ৮২টি কেন্দ্রে ৭ হাজার ৪৮৮ জন, এসএসসি (ভোকেশনাল) ৮টি কেন্দ্রে ১ হাজার ৫৪ জন এবং দাখিল পরীক্ষায় ৫টি কেন্দ্রে ৫২৪ জন পরীক্ষায় পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
এবারের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। সারা দেশে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় তা স্থগিত করে নতুন তারিখ পরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘ সময় পর মাধ্যমিক শুরু হওয়ায় খুশি অভিভাবকরা।
তারা বলছেন, পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ফলে ছেলে-মেয়েরা লেখাপাড় কম করছিলো। পরীক্ষার তারিখ ঘোষণার পর আবারও লেখাপড়া শুরু করেছে। আশা করছি প্রশ্ন ভালো হবে, তারাও ভালো ফলাফল করতে পারবে।
পরীক্ষা কেন্দ্রে সচিব রণতোষ মল্লিক জানান, এবার পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। এখন পর্যন্ত কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। হলে ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
