পার্বত্য জেলা রাঙামাটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস ঘোষ, জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জিএম আহসানুল করিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের সমাজে এখনো নারীরা তার নিজ কর্মক্ষেত্রে নিরাপদ না। প্রতিনিয়তই বেড়েই চলছে নারী নির্যাতন। বাংলার নারী জাতির পদপ্রদর্শক বেগম রোকেয়া, তিনি তার লেখনির মাধ্যমে নারীজাতিকে জাগ্রত করে গেছেন। নারীরা ঘরে সবে থাকার জন্য জন্মেনি। আজ বাংলাদেশের নারীরা পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে। সফলতার সাথে সকল দায়িত্ব পালন করে যাচ্ছে। নারীর প্রতি যেকোনো ধরনের নির্যাতন হলে সরাসরি হট লাইনে অভিযোগের ব্যবস্থা করেছে সরকার। সবাইকে সে নাম্বার সংরক্ষণ ও ব্যবহারের জন্য অনুরোধ করা আলোচনা সভা থেকে।
