ওমর ফারুক মুছা, লংগদু ॥
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগানকে সামনে রেখে দুর্গম পাহাড়ে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় শুক্রবার লংগদু উপজেলাধীন মাইনীমুখ ইউনিয়নের ৭নং ওয়ার্ড জারুলবাগানের পাঁচ শতাধিক পরিবার অন্ধকার গুছিয়ে বিদ্যুতের আলোয় আলোকিত হল।
লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার প্রধান অতিথি হিসেবে পশ্চিম জারুল বাগান মসজিদে বিদ্যুতের সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। এসময় মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম সরকার, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানায়, মাইনীমুখ ইউনিয়নের কাচালং নদীর পূর্ব পাড়ে ৭নং ওয়ার্ডে ৫/৬ বছর আগে বিদ্যুৎ লাইন টানা হলেও ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এলাকাবাসীয়র সাথে আলাপ আলোচনা করে মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসনে কমল উদ্যোগ নিয়ে বিদ্যুতের অসমাপ্ত কাজ সমাপ্ত করেন এবং ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার ব্যবস্থা করেন।
দীর্ঘ বছর পর দাবি অনুযায়ী বিদ্যুৎ সংযোগ পেয়ে অত্যন্ত খুশি এলাকাবাসী। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জারুলবাগানবাসী।
