নিজস্ব প্রতিবেদক॥
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালী জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করছে রাঙামাটি জেলাবাসী। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলা প্রশাসন ও আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে।
সকালে রাঙামাটি বঙ্গবন্ধু মুর্যালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা সিভিল সার্জন অফিস, রাঙামাটি মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে সূর্য উদয়ক্ষণে রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন। রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি’র নেতৃত্বে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ১মিনিট নীরবতা পালন করা হয়। শোক দিবস উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
