রাত ফুরোলেই সেই রোমাঞ্চময় মাহেন্দ্রক্ষণ। কাপ্তাইবাসীসহ গোটা পার্বত্যাঞ্চলের অধিবাসীরা গভীর আগ্রহে অপেক্ষায় আছেন কর্নফুলি সরকারি কর্নফুলি ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানের । মুজিববর্ষ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার থেকে ৫ দিনব্যাপী এই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, ওসিয়ান সেলর এন্ড অ্যাডভেঞ্চারের প্রতিনিধি মিসেস এ্যানি কোয়েমেরি, কাপ্তাই নৌ-বাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এমএ মুকিত খান, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর। এতে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নব বিক্রম কিশোর ত্রিপুরা ।
উৎসবে দেশ বিদেশের প্রায় ১০০ জন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ অংশ নিবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম। গত বৃহস্পতিবার উন্নয়ন বোর্ডে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পার্বত্যাঞ্চল হতে ৩১ জন, দেশের অন্যান্য স্থান হতে ৫৩ জন এবং বিদেশী ১৬ জন সহ সর্বমোট ১০০ জন অ্যাডভেঞ্চার অংশ নিবে এ উৎসবে। তন্মধ্যে ২৭ জন নারীও থাকবে। এছাড়া, ১৬ জন বিদেশী প্রশিক্ষকও অংশ নিবে এই উৎসবে।
এদিকে, গতকাল শুক্রবার অনুষ্ঠানস্থল কাপ্তাই কর্নফুলি সরকারি ডিগ্রী কলেজ মাঠ পরিদর্শনে গিয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের এই ভ্যেনুর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বিকেল হতে উৎসবে অংশ নেওয়া দেশ বিদেশের অতিথিরা কাপ্তাই আসতে শুরু করেছে। কাপ্তাই কর্নফুলি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী জানান, বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২০ এর আয়োজক ভ্যেনু কর্ণফুলী কলেজকে করায় কলেজটি ইতিহাসের সাক্ষী হয়ে গেলো। আমরা সম্পন্ন প্রস্তুত রয়েছি এই উৎসবকে সু-সম্পন্ন করার জন্য।
অন্যদিকে, উৎসবে শতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করবেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সর্বোপরি এই উৎসবকে ঘিরে এখন কাপ্তাইয়ের কর্নফুলি সরকারি কলেজ মাঠ সহ সমগ্র এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
