নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর বিজিবি (৩৭ ব্যাটালিয়ন) জোনের সদস্যদের অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে এসব কাঠ উদ্ধার করা হয়।
রাজনগর জোন সূত্র জানায়, শুক্রবার রাজনগর বিজিবি জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান (বিজিবি এম এস) এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভাসান্যদম ইউনিয়নের পশ্চিম চাইল্যাতলী থেকে পরিত্যক্ত অবস্থায় ৬২.৬৪ ঘনফুট সেগুন ও গামারি কাঠ, বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া চৌরাস্তা এলাকায় নদীর পানি থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৩ ঘনফুট সেগুন, গোদা ও গামারী কাঠ, গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী তিন রাস্তার মোড়ে পরিত্যক্ত অবস্থায় ৩২০.৮৮ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। কাঠ জব্দের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত কাঠের বাজারমুল্য ৬ লক্ষ ৭৪ হাজার সাতশ ৭শত টাকা।
রাজনগর বিজিবি জোনের সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, বিভিন্ন এলাকায় অভিযানে জব্দকৃত কাঠগুলি বগাচতর রাঙ্গীপাড়া বনবিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়। সরকারি রিজার্ভের বনাঞ্চল থেকে অবৈধ উপায়ে কাঠ পাচার করে নিজেদের ব্যবসা চলমান রেখেছে কিছু অসাধু ব্যাক্তিরা। এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
