কাপ্তাই প্রতিনিধি ॥
অভিনব পন্থায় কর্ণফুলী নদীপথে অবৈধভাবে পাচারকালে গত শুক্রবার গভীর রাতে ১শ’ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে কাপ্তাইয়ের কর্ণফুলী বন রেঞ্জ কর্তৃপক্ষ। এসময় পাচার কাজে জড়িতরা সটকে পড়ে। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে বন কর্মীরা অভিযান চালায়। এসময় কর্ণফুলী নদীর প্রশান্তি পার্ক সংলগ্ন নদীর ওপার হতে অভিনব পন্থায় বাঁশের চালি আকারে পাচার করার সময় সেগুন গোলকাঠ ও রদ্দা মিলে ১শ’ ঘনফুট কাঠ উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করা হয়। তবে গাছের সাথে পাচারকাজে জড়িত কাউকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বুধবার একই এলাকা হতে ৪০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা। উদ্ধার হওয়া গাছগুলো বন অফিস হেফাজতে রাখা হয়েছে।
