রাঙামাটি জেলা শহরের বাণিজ্যিক এলাকাখ্যাত রিজার্ভবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা। বুধবার ভোররাতে রিজার্ভবাজার নতুন বাসস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, বুধবার ভোর সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত দেখা যায়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে রাঙামাটি ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, ডিপার্টমেন্টাল স্টোর, কুলিং কর্নার, বইয়ের দোকান, ওষুধের দোকানসহ অন্যান্য। আগুনে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে বলে জানান তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি কার্যালয়ের স্টেশন অফিসার উদয়ন চাকমা জানিয়েছেন, বুধবার ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগার খবর পাই। মুহূর্তের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে নয়টি দোকান পুড়ে যায়। তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ার আশপাশের মার্কেটে আগুন ছড়িয়ে যেতে পারিনি। প্রাথমিকভাবে আমরা আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই হয়েছে বলে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তদন্ত করে নিরূপণ করা হবে।
