রামগড় প্রতিনিধি ॥
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রামগড় চা-বাগানের শ্রমিকেরা তাঁদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। তাঁরা বৃহস্পতিবার কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বাগান পঞ্চায়েত কমিটির নেতৃত্বে সহ¯্রাধিক শ্রমিক বাগান কারখানা ও আশপাশে মিছিল নিয়ে বিক্ষোভ করে।
বেলা ১১টায় চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগড়ের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে চা-শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি জানানো হয়। দাবি মানা না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেন চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগড়, সাধরণ সম্পাদক বিপ্লব মুন্ডা, শ্রমিক যুব পরিষদ নেতা জয় চন্দ্র দে, সাবেক সাধরণ সম্পাদক মিন্টু চন্দ্র দে, শ্রমিক নেতা যতন কর্মকার।
উল্লেখ্য, গত ৯আগস্ট মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। এরপর শনিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।
