মানিকছড়ি প্রতিনিধি ॥
বিগত বিএনপি জোট সরকারের আমলে দেশব্যাপি সিরিজ বোমা হামলার শোককে শক্তিতে পরিণত করা এবং বর্তমানে দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফার্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি)।
এ সময় প্রধান অতিথি বলেন, এদেশে আগস্ট মাস এলেই স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র শুরু করে। শেখ হাসিনার ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল আওয়ামীলীগের নেতৃত্ব ঠিক থাকলে এদেশে কখনও স্বাধীনতাবিরোধী শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তিনি আরও বলেন, ২০০৫ সালের এ দিনে বিএনপি-জামায়াত জোট সরকার সারাদেশে সিরিজ বোমা চালিয়ে নৃশংসতা ঘটিয়েছিল। নির্বাচন সামনে রেখে আবারও বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। আসুন, আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র নিশ্চিহ্ন করে দেই।
বুধবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা অডিটরিয়াম মাঠে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদিকা শাহিনা আক্তারের স্বাগত বক্তব্যে শোক সমাবেশে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য এমএ জব্বার, কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শোক সমাবেশে উপস্থিতির আগে ইউনিয়ন পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু’র ম্যুরাল ও মুক্তিযোদ্ধার নামফলক উদ্বোধন করেন এবং উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে পরিচিত সভায় বক্তব্য রাখেন।
