রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নে পৃথক অভিযানে ভারতীয় ওষুধ ও দেশীয় তৈরি বাংলা মদসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার রামগড় ব্যাটালিয়নের আওতাধীন কয়লারমুখ চেকপোস্টের টহল দল ৩০ লিটার বাংলা মদসহ মো. মইনুদ্দিন দিদার (২৬) ও মো. আজাদুল ইসলাম (২২) নামে দুই চোরাকারবারিকে আটক করে। জব্দকৃত মদের বাজার মূল্য ৯ হাজার টাকা।
অপরদিকে বেলা ২টার সময় রামগড় পৌরসভার মহামুনি বিওপির থানাঘাট এলাকায় বিজিবির টহলদল মালিকানাবিহীন ৮০০ কৌটা ভারতীয় ওষুধ জব্দ করে বিজিবি। জব্দকৃত ঔষধের বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

আটক দুই চোরাকারবারিকে থানায় সোপর্দ করে জব্দকৃত মদ পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে এবং জব্দকৃত ভারতীয় ওষুধ কাস্টমসে জমার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছেন।
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেছেন, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকান্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।
