রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে ওএমএস’র চাল-আটা বিক্রিতে অনিয়মের অভিযোগে পৌরসভার সোনাইপুল বাজারে মো. হারুন নামে এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার সোনাইপুল বাজারে মেসার্স হারুন ট্রেডার্সে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত।
জানা যায়, সরকারিভাবে রামগড় পৌর এলাকার তিনটি স্থানে ডিলারের মাধ্যমে খোলা বাজারে ওএমএস’র চাল-আটা বিক্রি করা হচ্ছিল। প্রতি ডিলারকে প্রতিদিন এক হাজার ৫০০ কেজি চাল ও ১ হাজার কেজি আটা বরাদ্দ দেওয়া হয়। জনপ্রতি ৫ কেজি বিক্রির শর্তে চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা নির্ধারণ হয়।
কিন্তু শর্ত না মেনে মেসার্স হারুন ট্রেডার্সের মালিক মো. হারুন গরিবের চাল ও আটা মেসার্স আলমগীর স্টোরে অবৈধভাবে পাইকারি দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালত মো. হারুনের ডিলারশিপ বাতিল করে দেয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান, এই ডিলারের বিরুদ্ধে গরিবের ওএমএস এর চাল ও আটা কালোবাজারে বিক্রির অভিযোগ ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. হারুনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
