দুইদিন করোনাশূণ্যতা থাকার পর ভয়াবহ খবরই আসলো পার্বত্য শহর রাঙামাটির জন্য। মঙ্গলবার মধ্যরাতে আসা রিপোর্টে জানা গেলো শুধুমাত্র জেলা শহরেই আক্রান্ত হয়েছেন আরো ১৭ জন ! এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৪৩ জন !
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আক্রান্তরা সবাই কে কোন পেশার তার বিস্তারিত তাৎক্ষনিক জানাতে পারেননি তিনি।
মঙ্গলবার রাত বারোটার পর চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স(সিভাসু) থেকে আসা রিপোর্টে এই ফলাফল জানা গেছে।
শহরের যেসব এলাকা থেকে এই রিপোর্টে পজিটিভ আক্রান্তদের পাওয়া গেছেন,তাদের মধ্যে-চক্র পাড়া-১ জন, রাজবাড়ি -১ জন, মানিকছড়ি-১ জন, দেওয়ান পাড়া -১ জন,রাঙামাটি জেনারেল হাসপাতাল -২ জন, উত্তর কালিন্দীপুর -৩ জন, রাঙ্গাপানি -১ জন, মাঝেরবস্তি-১ জন, ম্যাজিস্ট্রেট কলোনি -১জন, রায় বাহাদুর সড়ক- ৩ জন, কল্যানপুর-১ জন এবং তবলছড়ির ওমদামিয়া হিল-১ জন। এই ১৭ জনের মধ্যে সরকারি চিকিৎসক নয়, এমন একজন চিকিৎসকও আছেন।
প্রসঙ্গত, এনিয়ে রাঙামাটি জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ এ। এর আগে ৬ মে সর্বপ্রথম এই জেলায় করোনা সনাক্ত হয় ৪ জনের। এরপর ১২ মে ১ জন,১৩ মে ৯ জন এবং ১৪ মে ১১ জন আক্রান্ত হয়। এরপর ১৬ মে আক্রান্ত হয় আরো এক নার্স। কিন্তু ১৭ এবং ১৮ তারিখ আসা রিপোর্টে আর কারে আক্রান্ত হওয়ার তথ্য মেলেনি। সর্বশেষ ১৯ মে রাতে আসা রিপোর্টে পাওয়া গেলো ১৭ জন আক্রান্ত হওয়ার তথ্য ।
