নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে রাঙামাটিতে পুলিশের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) দিনব্যাপী জেলার প্রত্যেকটি থানা সার্কেল ও জেলা পর্যায়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষে সকালে রাঙামাটি কোতোয়ালী থানা প্রাঙ্গণে জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন এতিম মাদ্রাসার ছাত্র, অসহায় ও নিম্নবিত্তদের মাঝে খাবার বিতরণ করেন এবং নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. মাঈন উদ্দিন চৌধুরী, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. কবির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহফিলে ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নিহত বঙ্গবন্ধু, বঙ্গমাতা, পরিবারের সদস্যরা ও অন্যান্যরাসহ বাংলাদেশ পুলিশের এএসআই সিদ্দিকুর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয় । এছাড়াও জেলার অন্যান্য থানাসমূহে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
