নিজস্ব প্রতিবেদক ।।
মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি পৌর এলাকার রিজার্ভ বাজার ১নং ওয়ার্ডের সাধারণ জনগণ। শনিবার বিকেলে ইসলামপুর এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে ইসলামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন। সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ ইউসুফ।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৫/০৬/২০২১ ইং তারিখ বিকারে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মাদক মামলার আসামী মোঃ নাসিরকে পুলিশ গ্রেফতার করের নৌকায় তুলে থানার উদ্দেশ্যে রওনা কারা সময় মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ রুবেল, পিতা-মোঃ সিরাজ মিয়া, মোছাঃ জোছনা বেগম গয়না, স্বামী-মোঃ আবুল কালাম, মোছাঃ আলেয়া বেগম, পিতা-আব্দুল মজিদ, মুক্তা আক্তার, স্বামী-মোঃ জসিম সহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন লোক পুলিশের নিকট হতে মোঃ নাছিরকে ছিনিয়ে নেয় এবং পুলিশকে শারীরিকভাবে নির্যাতন করে।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে আসামি ছিনতাইকারী এক পুরুষ ও এক নারীকে গ্রেফতার করে। উক্ত গ্রেফতার কাজে স্থানীয় কয়েকজন পুরুষ ও মহিলা পুলিশকে সহযোগিতা করে। পুলিশ উপরোক্ত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামিদ্বয়কে কোর্টে চালান করলে তারা জামিনে মুক্ত হয়ে এসে পুলিশের বিরুদ্ধে ১৮/০৬/২০২১ ইং তারিখে মিথ্যা ও বানোয়াট কিছু তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে। এই বানোয়াট সংবাদ সম্মেলনের ফলে পুলিশ প্রশাসন নিষ্ঠার সাথে কাজ করতে ব্যর্থ হবে বলে মন্তব্য করেন বক্তারা।
প্রতিবাদ সভায় ইসলামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সদস্য মোঃ আলমগীর বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নাছির ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। আমাদের এলাকার কিছু বাসিন্দা তাকে সহযোগিতা করছিলো। তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর যে হামলা করা হয়েছে তা সত্যিই ন্যাক্কারজনক। এতে আমাদের ইসলামপুর এলাকার সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই আমরা ইসলামপুর এলাকার সাধারণ বাসিন্দা ঐক্যবদ্ধ হয়ে এইসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি।
ইসলামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মোঃ আমির হোসেন বলেন, ইসলামপুর এলাকায় আমরা দেড়শত পরিবার বসবাস করি। এইসব মাদক ব্যবসায়ীদের কারণে আমরা লাঞ্চিত হয়েছি। বহিরাগত কিছু মানুষ এসে এখানে মাদক ব্যবসা করে, কিন্তু আমাদের এলাকার কেউ মাদক ব্যবসায়ের সাথে জড়িত নাই। মাদক ব্যবসায়ীদের কারণে এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে পাশাপাশি এলাকার যুব সমাজও হুমকির সম্মুখিন হয়েছে। আমরা প্রশাসনে কাছে দাবি জানাই, এইসব চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা ইসলামপুরবাসী প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবো।
এই ব্যাপারে ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর এবং প্যানেল মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, নাছির এবং তার সহযোগিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এইসব মাদক ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন করতে যারা সাহস যুগিয়েছে তারাই মাদক ব্যবসায়ের সাথে জড়িত। পুলিশ সুপারসহ রাঙামাটি প্রশাসনের কাছে অনুরোধ পুলিশের বিরুদ্ধে বানোয়াট অভিযোগগুলো আমলে না নিয়ে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তিনি মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের নির্মূলে জিরো টরালেন্সে থাকবেন বলেও ঘোষণা দেন।
