মানিকছড়ি প্রতিনিধি ॥
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষে সারা দেশে ভূমি ও গৃহহীন পরিবারে ‘প্রধানমন্ত্রীর উপহার’ আশ্রয়ণ প্রকল্প-২এর আওতায় ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩শ ৪০ পরিবারের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই কার্যক্রমে মানিকছড়ির আরো ২৭৩ পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিলপত্র হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন। এ নিয়ে ১ম ও ২য় পর্যায়ে উপজেলার মোট ৬শ ভূমিহীন ও গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন নান্দনিক ডিজাইনের ঘরে।
সরেজমিন ও প্রশাসন সূত্রে জানা গেছে, স্বাধীনতা সূবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার’ আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে সারাদেশে ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে নান্দনিক ডিজাইন ও রঙ্গিন ঢেউটিনের ছাউনিতে গড়া সেমিপাকা ঘর।
রবিবার সকালে মানিকছড়িতে এই কার্যক্রমে সুবিধাভোগীদের নিয়ে টাউন হলে অনুষ্ঠিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ। ১নং ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান সঞ্চালিত অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(জেনারেল) মোঃ হাবিবুল্লাহ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল,ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহনূর আলম, ২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মোহন, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ আবদুল খালেক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুচয়ন চৌধুরীসহ সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুবিধাভোগী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
